খুলনা ব্যুরোবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে সাড়ে তিন মাসেও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। জ্বালানি নিয়ে চরম নৈরাজ্য চলছে । বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না । এ ব্যাপারে জনগণকে সচেতন করতে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২ জুন) খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা বিভাগের জেলা ও মহানগরী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আবু সাদিক, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, যশোর জেলা আমির মো. গোলাম রসুল এমপি, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মাগুরা জেলা আমির এম বি বাকের, কুষ্টিয়া জেলা আমির এ কে এম আলী মুহসিন, মেহেরপুর জেলা নায়েবে আমির মো. মাহবুবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মো. আজিজুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি মো. আসাদুজ্জামান, মেহেরপুর জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, ঝিনাইদহ জেলা সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ ও বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান মল্লিক প্রমুখ।
সমাবেশে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সকল ভালো কাজের সহযোগিতা করবে এবং মন্দ কাজের প্রতিবাদ করবে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে জনগণের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার এই অবনতির দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
তিনি বলেন, চব্বিশের ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও প্রত্যাশিত পরিবর্তন এখনো অধরা। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও তা বিতর্কমুক্ত না থাকা দুঃখজনক। নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রায় ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বাতিলের মাধ্যমে ফের ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্র প্রমাণ করে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে। তাই তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়ে জাতির সাথে প্রতারণা করছে। এর পরিণতি ভালো হবে না। এ দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোনো স্বপ্ন পূরণ হবে না।
তিনি আগামী ২০ জুন ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সকল দায়িত্বশীলের প্রতি উদাত্ত আহ্বান জানান।



