বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬-২০২৮ মেয়াদে তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। নতুন কার্যকালের সূচনার অংশ হিসেবে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট তৃতীয়বারের মতো আমির হিসেবে শপথ নেবেন ডা. শফিকুর রহমান।
এর আগে গত ২ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে এর আগে টানা তিনবার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন শুধুমাত্র অধ্যাপক গোলাম আযম ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে জুডিশিয়াল কিলিংয়ের শিকার মাওলানা মতিউর রহমান নিজামী।
জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গত ১ নভেম্বর রাতে ‘আমির’ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নির্বাচন কমিশন জানায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৬–২০২৮ কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।
গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করা হয়। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তি সম্পন্ন করতে হয়।



