ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, পল্লবীতে শিশু রামিসা হত্যার যে বিবরণ জানা যাচ্ছে তা ভয়াবহ ও বিভিষিকাময়। ওই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা না; বরং প্রায়শই দেশের কোনো না কোনো প্রান্তে শিশুদের সাথে একই ধরনের অবর্বনীয় বর্বরতার ঘটনা ঘটছে।
তিনি বলেন, নারীদের সাথে ভয়াবহ নৃশংসতা হচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ধরনের ঘটনা বরাবরই বিচারের বাইরে থেকে যাচ্ছে। অপরাধীর শাস্তি হচ্ছে না। নিহত রামিসার বাবার আর্তনাদেও সেটা উঠে এসেছে। বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থা শিশুদেরকে বর্বরতার হাত থেকে রক্ষা করতে পারছে না। তাই শিশু ও নারীদের বর্বরতার হাত থেকে রক্ষা করতে শরীয়াহ আইন বিকল্প হতে পারে। রাষ্ট্রকে শরীয়াহ আইন প্রয়োগের আহ্বান জানাই।
বুধবার (২০ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ইউনুস আহমদ সুপ্রিম কোর্টের সর্বশেষ তথ্য উল্লেখ করে বলেন, সারা দেশে ৯০টির বেশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ১ লাখ ৫১ হাজার ৩১৭টি। যার বড় একটা অংশ ধর্ষণের মামলা। এর অর্থ হলো, ধর্ষকরা শাস্তি পাচ্ছে না। অথচ ৯০ দিনের মধ্যে মামলাগুলো শেষ করার কথা। বিদ্যমান আইনি ব্যবস্থায় মামলা ঝুলিয়ে রাখা, দীর্ঘসূত্রিতা, সাক্ষী ব্যবস্থাপনা ও আইনের দুর্বলতার কারণে বিদ্যমান আইনে অপরাধীর আদতে কোনো শাস্তি হয় না।



