‘দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর জামায়াত’

ঢাকা-৫ আসনকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
মোহাম্মদ কামাল হোসেন
মোহাম্মদ কামাল হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, ‘দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে জামায়াতে ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে। এ ক্ষেত্রে কোনো দলের পরিচয় বা মতাদর্শ বিবেচনায় নেয়া হবে না।’

আজ বুধবার ঢাকা-৫ সংসদীয় এলাকার রায়েরবাগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ পূর্বক আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা পুনরায় ক্ষমতায় এলে দেশকে চাঁদাবাজ ও সন্ত্রাসীতে চ্যাম্পিয়ন করবে। ৫ আগস্ট পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহেই তার আলামত স্পষ্ট হয়েছে। ক্ষমতায় বসার আগেই তারা সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে তুলছে। এমনকি নিজ দলের সাবেক মহাসচিবের পরিবারও চাঁদাবাজির হাত থেকে রক্ষা পায়নি। এ পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করতে ভোটের মাধ্যমে সন্ত্রাস-চাঁদাবাজ তৈরিকারী দলকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ঢাকা-৫ আসনকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

জামায়াতে ইসলামীর উত্থাপিত পাঁচ দফা দাবির প্রসঙ্গে কামাল হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ- এই পাঁচ দফা দলীয় নয়, বরং জাতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ দাবি।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে রাষ্ট্র কর্তৃক আহত ও পঙ্গুত্ববরণকারীদের বিচার হবে না, বিরোধী দলমত দমন করা হবে, মানুষের কণ্ঠরোধ করা হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল এককভাবে শাসন কায়েম করতে পারবে না, ফলে জনগণ শোষিত হবে না। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে ক্ষমতায় আসা দলগুলোও একই পথে হাঁটবে। আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধ না হলে তারা আবারো ক্ষমতায় ফিরে আসবে, আরো ভয়ঙ্কর রূপে। এসব দাবির বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সভা শেষে মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ ঢাকা-৫ এলাকার বিভিন্ন মার্কেট, দোকান ও পথচারীদের মাঝে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, জামায়াতে ইসলামীর সূত্রাপুর থানার উদ্যোগে ৪৩ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে দলীয়ভাবে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান। গণসংযোগে অংশ নেন সূত্রাপুর জোনের সহকারী পরিচালক মাওলানা নেছার উদ্দিন, থানা আমির দাইয়ান সালেহিন, থানা সেক্রেটারি সালেহ আল ইমতিয়াজ, ৪৩ নম্বর ওয়ার্ড সভাপতি সুলতানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ৪৩ নম্বর প্রশাসনিক ওয়ার্ডের ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, পথচারী ও বাসাবাড়িতে লিফলেট বিতরণ করে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

পরে, ড. আব্দুল মান্নান গেন্ডারিয়া দক্ষিণ (ঢালকা নগর) এলাকায় স্থানীয় বাড়িওয়ালাদের সাথে মতবিনিময় করেন। সভার শুরুতে তিনি নিজের উন্নয়ন ভাবনা তুলে ধরেন এবং স্থানীয়দের পরামর্শের ভিত্তিতে নির্বাচিত হলে সবাইকে নিয়ে ঢাকা-৬ আসন গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জামায়াতে ইসলামীর ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালক মো: কামরুল আহসান হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সূত্রাপুর জোনের টিম সদস্য মাওলানা নেছার উদ্দিন, আসন কমিটির সদস্য সচিব মো: রুহুল আমিন, ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: আব্দুল মান্নান, গেন্ডারিয়া দক্ষিণ থানা বায়তুল মাল সম্পাদক মো: দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি