রাজধানীর ভাষানটেকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ডা: জুবাইদা রহমান

সর্বস্ব হারানো পরিবারগুলোর মানবিক সঙ্কট লাঘবে সরাসরি ঘটনাস্থলে গিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন তিনি।

অনলাইন প্রতিবেদক

Location :

Dhaka
আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ডা: জুবাইদা রহমান
আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ডা: জুবাইদা রহমান |নয়া দিগন্ত

রাজধানীর ভাষানটেকে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সর্বস্ব হারানো পরিবারগুলোর মানবিক সঙ্কট লাঘবে সরাসরি ঘটনাস্থলে গিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন তিনি।

সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবার বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাষানটেক এলাকায় উপস্থিত হন ডাক্তার জুবাইদা রহমান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন, যাতে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন জীবন চালিয়ে নিতে পারেন।

উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়টিকেও গুরুত্ব দেয়া হয়। এ উপলক্ষে এলাকায় মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজন অনুযায়ী ওষুধপত্রও সরবরাহ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।