গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ফাইল ছবি

থাইল্যান্ডে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরে আবারো অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর গুলশানে বৈঠক করেন রাত ১১টা পর্যন্ত। এরপর অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা ফখরুলকে হাসপাতাল নিয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন মহাসচিবের অবস্থা স্টেবল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন আছেন। সবাই দোয়া করবেন।’