নজরুল ইসলাম খান

কিছু অনৈতিক ও বেআইনি তৎপরতা নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে

‘বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড চায়—সব দলের জন্য সমান সুযোগ। বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে সামান্য ঘটনায় শোকজ করা হলেও অন্য দলগুলোর প্রভাবশালী নেতারা প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।’

অনলাইন প্রতিবেদক
বিএনপির নির্বাচনী পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান
বিএনপির নির্বাচনী পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান |নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনী কার্যক্রমে কিছু অনৈতিক ও বেআইনি তৎপরতা সুষ্ঠু নির্বাচনের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশান বিএনপির নির্বাচনী পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে পাঁচটি কলাম ও ১৪টি লাইনে প্রতীক ছাপানো হয়েছে। এতে দাঁড়িপাল্লা, শাপলা ও হাতপাখা প্রথম লাইনে থাকলেও বিএনপির প্রতীক ধানের শীষ শেষ লাইনের মাঝামাঝি স্থানে রাখা হয়েছে। ব্যালট ভাঁজ করলে ধানের শীষ অস্পষ্ট হয়ে যায়। এটি উদ্দেশ্যমূলক বলে তিনি দাবি করেন। কমিশন বলেছে, প্রতীকগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো, কিন্তু কলাম ও লাইনের সংখ্যা নির্ধারণ পুরোপুরি কমিশনের সিদ্ধান্ত।

তিনি বলেন, কলাম বা লাইনের সংখ্যা বদলালেই এই সমস্যা থাকত না। বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে, প্রতীকের অবস্থানের কারণে এক থেকে ১০ শতাংশ ভোটের তারতম্য হতে পারে। দেশের ভেতরে এখনো ব্যালট বিতরণ হয়নি এবং সময় হাতে আছে। অতীতে বহুবার ব্যালট পুনর্মুদ্রণের দৃষ্টান্ত রয়েছে। তাই ব্যালট পুনরায় ছাপানোর দাবি করছি।

নজরুল ইসলাম বলেন, বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড চায়—সব দলের জন্য সমান সুযোগ। বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে সামান্য ঘটনায় শোকজ করা হলেও অন্য দলগুলোর প্রভাবশালী নেতারা প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সফর পর্যন্ত কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছে, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। অথচ অন্যরা প্রকাশ্যেই আচরণবিধি ভাঙছেন।

তিনি বলেন, দেশের মানুষ যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে জন্য বিএনপি কাজ করছে এবং জনগণের সমর্থন ও সহযোগিতা চায়। নির্বাচন কমিশন ও নির্বাচনী কর্মকর্তাদের নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।