গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে ইন্তেকাল করেছেন। এই সংবাদ জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই আসতে শুরু করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। সবাই অত্যন্ত গুরুত্বের সাথে বেগম জিয়ার খবর প্রকাশ করেছেন।
রয়টার্স
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘৮০ বছর বয়সী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু’ শিরোনামে একটি প্রতিবেদন করেছে। তাতে বলা হয়, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া এবং শেখ হাসিনার সাথে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর আজ মঙ্গলবার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিবিসি
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
এএফপি
ফরাসি বার্তা সংস্থা এএফপি ‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, আজ মঙ্গলবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। তার দল বিএনপির পক্ষ থেকে খবরটি জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, অনেকে আগামী বছরের নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়াকে আবার দেশের নেতৃত্ব নেয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছিলেন।
আল-জাজিরা
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার একটি হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে দলটি জানায়, আমাদের প্রিয় জাতীয় নেত্রী আর আমাদের মাঝে নেই।
এনডিটিভি
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়ার ৮০ বছর বয়সে মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়া ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। দলের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেগম জিয়ার ব্যাপারে ধারণা করা হচ্ছিল যে আগামী বছর নির্বাচনে জয়লাভ করে তিনি আবারো দেশের নেতৃত্ব দেবেন। তবে সেই আশা আর পূরণ হয়নি। দীর্ঘ অসুস্থতার পর আজ সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এছাড়া প্রতিবেদনে খালেদার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরা হয়।



