গণরায় বাস্তবায়নে আগামীকালের লংমার্চ সফল করার আহবান সেলিম উদ্দিনের

সেলিম উদ্দিন বলেন, দেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে ধার্মিক, সৎ ও যোগ্য নেতৃত্বের হাতে শাসনক্ষমতা দিতে হবে। আগামীকালের লংমার্চ সরকার পতনের কর্মসূচি নয়; এটি জনগণের জনরায়ের বাস্তবায়নের লংমার্চ।

নিজস্ব প্রতিবেদক
বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন
বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন |সংগৃহীত

জনগণের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামীকালের ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের বসুন্ধরা সাংগঠনিক থানার উদ্যোগে আয়োজিত ষান্মাসিক রুকন সমাবেশ-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেলিম উদ্দিন বলেন, দেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে ধার্মিক, সৎ ও যোগ্য নেতৃত্বের হাতে শাসনক্ষমতা দিতে হবে। আগামীকালের লংমার্চ সরকার পতনের কর্মসূচি নয়; এটি জনগণের জনরায়ের বাস্তবায়নের লংমার্চ।

তিনি বলেন, এই লংমার্চকে একঘেয়ে করে দেখার সুযোগ নেই। জনগণের দাবিকে উপেক্ষা করার প্রবণতার পরিণতি পরে সংশ্লিষ্টদেরই ভোগ করতে হবে।

লংমার্চে কোনো ধরনের উসকানি বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি। একইসাথে লংমার্চের ছয় দফা দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান।

ছয় দফা দাবিগুলো হলো—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

রোকনদের উদ্দেশে কোরআন পাঠের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, সংগঠনটি তাদের পরিবারের মতো। নিজে কোরআন পাঠ করার পাশাপাশি অন্যদেরও কোরআন পাঠে উৎসাহিত করতে হবে। তিনি এমন কাজ করে যাওয়ার আহবান জানান, যাতে মৃত্যুর পর মানুষ তাদের জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য, বসুন্ধরা থানার আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: আবুল বাসার।

এছাড়া উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, কর্মপরিষদ ও শূরা সদস্য এবং ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।