ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্রে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন। আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হওয়া, ফ্যাসিস্ট যেন তৈরি না হয়, সে কারণে আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবো।
আজ রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোলীনবাবুর হাটে নির্বাচনী পথসভায় তিনি এই আহ্বান জানিয়েছেন।
গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই। কে সংস্কার চায়, আর কে চায় না। আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে, এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। যারা চান দেশটা নতুনভাবে উন্নয়নের পথে চলবে তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন।
তারেক রহমান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান ঠাকুরগাঁওয়ের জনসভায় এসে প্রতিপক্ষের কোনো সমালোচনা করেনি। তিনি নিজে কী করবেন, তা শুধু জনগণকে জানিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।’
তিনি আরো বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই। আমরা নির্বাচিত হলে প্রথম দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে। ৫০ লাখ মায়ের ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেয়া হবে। যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে।
নির্বাচনী এই পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



