মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিমান প্রতিমন্ত্রী

যেই অন্যায় করবে, তার সাথে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে জানান বিমান প্রতিমন্ত্রী।

Location :

Jamalpur
বক্তৃতা দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
বক্তৃতা দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত |নয়া দিগন্ত

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘কোনোভাবেই বকশীগঞ্জে মাদক চলতে দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব। যে মাদক পরিবার, সমাজ ও গোটা জাতিকে ধ্বংস করে, তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

শুক্রবার (৭ জুলাই) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘মাদকসেবী তার পরিবারকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে। সে যেই কেউ হোক, সেটি বিবেচ্য নয়। যেই অন্যায় করবে, তার সাথে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’

তিনি আরো বলেন, ‘সন্তানের লেখাপড়ার জন্য বাবা-মা অক্লান্ত পরিশ্রম করেন। সেই সন্তান যদি মাদকে জড়িয়ে পড়ে, তাহলে পরিবারের সব ত্যাগ ব্যর্থ হয়ে যায়। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের কাজ এগিয়ে চলছে।’

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপজেলার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ও পৌরসভায় পরিষ্কার পরিছন্ন রাখার জন্য কয়েক স্থানে ডাস্টবিন প্রতিস্থাপন করেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আ্যডভোকেট আনিসুজ্জামান গামা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।