প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে জনগণের কাছে যেসব উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জনগণের প্রয়োজন বিবেচনায় প্রকল্প গ্রহণ করা হবে এবং সেগুলো জনগণের কল্যাণেই বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (৭ আগস্ট) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জেলা পরিষদের প্রশাসক মো: আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. রাশেদ আল মাহমুদ আরো বলেন, অতীতে পরিকল্পনাহীনভাবে বাজেট বরাদ্দ দেয়া হতো। বর্ষা মৌসুম এলেই প্রকল্প নেয়া এবং মৌসুম শেষ হলেই তা শেষ হয়ে যাওয়ার যে সংস্কৃতি ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘নতুন কুঁড়ি’ প্রকল্পের আওতায় এনে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে কোমলমতি শিশুদের আত্মবিকাশের পথ সংকুচিত হয়েছে। নতুন কুঁড়ি কর্মসূচির মাধ্যমে খেলাধুলা, সঙ্গীত ও সাংস্কৃতিক চর্চাকে সম্প্রসারণ করে দেশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। বাসস



