জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কেবল জাতীয় ঐক্য ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমেই পূরণ করা সম্ভব। জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে সাংবিধানিক সংশোধন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে একসাথে কাজ করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং জুলাই গণঅভ্যুত্থানের উত্তরাধিকার নিয়ে বিভাজন এড়িয়ে চলার জন্য সব রাজনৈতিক দল ও নাগরিকের প্রতি আহ্বান জানান।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়িত হবে।’

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কেবল জাতীয় ঐক্য ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমেই পূরণ করা সম্ভব। জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে সাংবিধানিক সংশোধন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে একসাথে কাজ করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে এককভাবে কারও অর্জন হিসেবে দাবি করা উচিত নয়। এটি বাংলাদেশের জনগণের সম্মিলিত অর্জন, যা বছরের পর বছর ত্যাগ, গুম, হত্যাকাণ্ড, রাজনৈতিক দমন-পীড়ন ও গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। বাসস