প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব : আইনমন্ত্রী

‘মানুষের দোরগোড়ায় আইনি অধিকার ও আইনগত সেবা পৌঁছে দিয়ে ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতে প্যারালিগ্যালরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান
বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান |সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, প্যারালিগ্যালদের কাজ কেবল একটি পেশা নয়, জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্বও।

তিনি বলেন, মানুষের দোরগোড়ায় আইনি অধিকার ও আইনগত সেবা পৌঁছে দিয়ে ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতে প্যারালিগ্যালরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা ঢাকায় বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতর (ডিবিএলএ) ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে প্রণীত ‘ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আইনজীবী হওয়ার আগেই তিনি প্যারালিগ্যাল হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আইনগত সচেতনতা তৈরির কাজ করেছেন। সেই কারণে তাদের ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।

তিনি বলেন, মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় আইনগত তথ্য ও সেবা মানুষের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে প্যারালিগ্যালরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মন্ত্রী বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে অধিকারবিষয়ক সচেতনতা পৌঁছে দিতে ফ্রেন্ডশিপ যে কার্যক্রম পরিচালনা করছে, তা অন্যতম সেরা উদ্যোগ। এ ধরনের কার্যক্রম ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক ও আনুষ্ঠানিক ব্যয় কমিয়ে উপকারভোগীদের জন্য বরাদ্দ আরো বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেয়া উচিত বলে মনে করেন মন্ত্রী। এতে প্রান্তিক জনগোষ্ঠী আরো বেশি উপকৃত হবে।

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা দেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব খাদেম উল কায়েস, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতরের মহাপরিচালক মো: মনজুরুল হোসাইন এবং ফ্রেন্ডশিপের সিনিয়র পরিচালক ও অন্তর্ভুক্তিমূলক নাগরিকত্ব বিভাগের প্রধান আয়েশা তাসিন খান। বাসস