গণপূর্ত অধিদফতরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আটটি বিভাগের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি-পদায়ন করা হয়।
লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে আটজন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
এ লটারি কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো: ফিরোজ হাসান।
‘এ লটারিভিত্তিক বদলি প্রক্রিয়া বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে’ বলে জানান গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (গণপূর্ত অধিদফতরের সদস্যসচিব) মো: সাখাওয়াত হোসেন বলেন, ‘লটারিভিত্তিক বদলি প্রক্রিয়াকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, গণপূর্ত অধিদফতর শাখা স্বাগত জানাই। এর ফলে অধিদফতরের বদলি ও পদায়নে শৃঙ্খলা ফিরে আসবে।’
এ সময় গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো: নাজমুস শোয়েব ও উপ-সচিব মো: আবু নাছেরসহ অন্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি করা হয়েছে। বাসস



