টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ আটক ২

টেকনাফের নাইট্যংপাড়া-সংলগ্ন এলাকায় গতকাল (বুধবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন, টেকনাফ।

নয়া দিগন্ত অনলাইন
কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদককারবারি
কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদককারবারি |সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পৃথক দু’টি অভিযান চালিয়ে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফের নাইট্যংপাড়া-সংলগ্ন এলাকায় গতকাল (বুধবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন, টেকনাফ।

এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ও পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ এক মাদককারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদককারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় সকালে আরো একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত ভ্যান গাড়িসহ এক মাদককারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদককারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। বাসস