মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্র একটি দেশের দর্পণের মতো কাজ করে। সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সঠিক পথে চলতে এবং সমাজকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাংবাদিকদের কাজ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা হয়। মানুষ যাতে সঠিক পথে চলে এবং সমাজ যাতে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়, সে বিষয়ে দিকনির্দেশনা দেয়ার ক্ষেত্রেও সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকতার ক্ষেত্রে যে কিছু অপসাংবাদিকতা রয়েছে, তা অবশ্যই পরিহার করা উচিত।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করব না। কারো স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না। আমরা সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা করব। তারাই তাদের নেতৃত্ব নির্বাচিত করবে। আমরা শুধুমাত্র পরিবেশ তৈরি করে দেবো।’ বাসস



