পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থবহ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়নেও সংগঠনটি অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ |সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার পুলিশ অফিসার্স মেসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ, বিপিএম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরিচয় পর্ব শেষে অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক কার্যক্রম উপস্থাপন করা হয়। একইসাথে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

সভায় বর্তমান চ্যালেঞ্জগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে বাংলাদেশ পুলিশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থবহ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়নেও সংগঠনটি অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকার ও পুলিশকে যারা বিতর্কিত করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া বাংলাদেশ পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বর্তমান কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের পরিচালনা সভায় অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো: আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অ্যান্টি টেরোরিজম ইউনিট) মো: রেজাউল করিম, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছে। প্রথম সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং পুলিশের পেশাগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।