জাতীয় সংকট, ফ্যাসিবাদ-বিরোধী লড়াইয়ের জের এবং আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও দেশ ও জনগণকে রক্ষা করতে সরকার দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে শান্তি, নিরাপত্তা ও মর্যাদাভিত্তিক একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে তিনি দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচন-পরবর্তী নানা চ্যালেঞ্জ ও বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পরপরই অগ্রাধিকারমূলক কিছু গুরুত্বপূর্ণ কাজ, রমজান মাসের প্রস্তুতি এবং সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বৈশ্বিক তেল ও জ্বালানি সরবরাহসহ অর্থনীতিতে চাপ সৃষ্টি হওয়ায় তা সামাল দিতে সরকারকে বিশেষ মনোযোগ দিতে হয়েছে। এসব কারণেই প্রতিশ্রুতি রক্ষা করে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী হুজুরের কাছে আসতে কিছুটা বিলম্ব হয়েছে।’
দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, সমস্যা এখনো শেষ হয়ে যায়নি।’
তিনি জানান, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, স্কুল-কলেজে শিক্ষার নিরাপদ পরিবেশ এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে চীনসহ বৈশ্বিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি।
জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘অঙ্গীকার পূরণ করা একজন মুসলমান হিসেবে নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। কথা রাখতে না পারলে কাজের কোনো মূল্য থাকে না।’ জানান, দেশের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই তার সরকারের মূল লক্ষ্য।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মুহাম্মদ হেলালউদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
অপরদিকে হেফাজতে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, তার ছেলে মাওলানা মহিউদ্দিন এবং হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও হেফাজত আমিরের ছেলে মাওলানা আইয়ুব বাবুনগরীসহ শীর্ষস্থানীয় আলেম-ওলামারা অংশ নেন।



