জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

অভিযান পরিচালনার ক্ষেত্রে নিজের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন খোন্দকার রফিকুল ইসলাম।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশ সদরদফতরে ভার্চুয়ালি মাসিক অপরাধ পর্যালোচনা সভা
পুলিশ সদরদফতরে ভার্চুয়ালি মাসিক অপরাধ পর্যালোচনা সভা |সংগৃহীত

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সদরদফতরে ভার্চুয়ালি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়াও এতে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো: রেজাউল করিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদরদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

মামলা তদন্তে তদারকি বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, পেশাদারিত্বের সাথে মামলা তদন্ত করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে। অভিযান পরিচালনার ক্ষেত্রে নিজের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিন মেট্রোপলিটন ও রেঞ্জ এবং আজ দ্বিতীয় দিন বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় চলতি বছর মে মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বাসস