তথ্য উপদেষ্টা

সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু নষ্ট-পচে যাওয়া মানুষ

সাকিব বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। তিনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? তিনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে !’

নয়া দিগন্ত অনলাইন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান |ইন্টারনেট

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু একজন নষ্ট-পচে যাওয়া মানুষ।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলা ও অভিযোগের বিচারিক প্রক্রিয়া মোকাবিলা করতে চাইলে সরকার তাকে পূর্ণ নিরাপত্তা দেবে।

সাকিব আল হাসান সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি বাংলাদেশে ফিরে তার বিরুদ্ধে ওঠা মামলা মোকাবিলা করতে চান। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সাকিব দেশে এলে তার নিরাপত্তাহীনতায় পড়ার কোনো কারণ নেই।

তথ্য উপদেষ্টা বলেন, ভালো খেলোয়াড় হতে পারেন, তিনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইনড (সংযুক্ত) হয় এবং এখনো অ্যালাইনড থাকেন, ৫ তারিখের পরও তার বক্তব্য এসেছে।

সাকিবের নিরাপত্তা চাওয়ার বিষয়টিকে সরকারের ওপর চাপ তৈরির চেষ্টা হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য।’

জাহেদ উর রহমান বলেন, তিনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। তিনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? তিনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে (কোনোভাবেই না)!’

সাকিব দেশে এলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, তিনি আসবেন এবং নিরাপত্তার মাধ্যমে তার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, তা মোকাবিলা করবেন। আইনগত যে ব্যাপার আছে, সব যদি তিনি মেনে নিয়ে আসেন, তাতে কোনো সমস্যা আমি দেখি না।

সাকিবের বক্তব্যকে সরকারের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ‘এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা।’

একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেও তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র : ইউএনবি