দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফলে গত আড়াই মাসে দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশ্লিষ্ট ফাইল রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রোববার (০৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব।
ভোটার তালিকার হালনাগাদ তথ্যের বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আমরা বলেছিলাম ৩১ জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন তাদের নিয়েই আমাদের বর্তমান কার্যক্রম। সেই অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি ঘোষিত সময়ে অনুষ্ঠিত হয়, তবে এই খসড়া ভোটার তালিকা ব্যবহার করা হবে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যদি নির্বাচনের তারিখ পরিবর্তন হয়, সে ক্ষেত্রে পরবর্তী আপডেটেড তালিকা সম্পূরক ভোটার তালিকা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালার অগ্রগতি সম্পর্কে সিনিয়র সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশ্লিষ্ট ফাইল রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ- এই পাঁচ ধাপের নির্বাচনের আচরণ বিধিমালা রয়েছে।
তিনি বলেন, আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো।



