রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মাগরিবের নামাজের পর ধানমন্ডিস্থ ‘মাহবুব ভবন’-এ মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবার ও আত্মীয়-স্বজন মিলাদে অংশ নেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ডা: জুবাইদা রহমানের বাবা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মরহুমের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমরা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন, কর্ম ও অবদানের ওপর আলোকপাত করেন।
পরে, মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনাও করা হয়। বাসস



