বিদেশী শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করে দিল সিআইডি

সিআইডি জানায়, ভারতীয় শিক্ষার্থী আসমা ঢাকার গ্রিন রোডের গ্রিন লাইফ মেডিক্যাল কলেজে অধ্যয়ন করছেন। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় একটি কাজে বের হলে তিনি তার ব্যবহৃত Samsung Galaxy S24 FE মডেলের স্মার্টফোনটি হারিয়ে ফেলেন। ফোনটিতে একটি বাংলাদেশী ও একটি ভারতীয় সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের মাধ্যম হারিয়ে যাওয়ার পর সহপাঠী রিজুয়ানা রহমান রিসার সহায়তায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত

বাংলাদেশে অধ্যয়নরত এক বিদেশী নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিঃ বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সিআইডি সদর দফতরের সাইবার পুলিশ সেন্টারে ফোনটি হস্তান্তর করা হয়।

সিআইডি জানায়, ভারতীয় শিক্ষার্থী আসমা ঢাকার গ্রিন রোডের গ্রিন লাইফ মেডিক্যাল কলেজে অধ্যয়ন করছেন। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় একটি কাজে বের হলে তিনি তার ব্যবহৃত Samsung Galaxy S24 FE মডেলের স্মার্টফোনটি হারিয়ে ফেলেন। ফোনটিতে একটি বাংলাদেশী ও একটি ভারতীয় সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের মাধ্যম হারিয়ে যাওয়ার পর সহপাঠী রিজুয়ানা রহমান রিসার সহায়তায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শিক্ষার্থীটির শিক্ষক শারমিন বিষয়টি সিআইডির সাইবার পুলিশ সেন্টারকে অবহিত করেন।

সিআইডি আরো জানায়, অভিযোগ পাওয়ার পর সাইবার পুলিশ সেন্টারের বিশেষজ্ঞ দল প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করে ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে বাগেরহাট থেকে সেটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিআইডি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ফোনটি শিক্ষার্থী আসমার হাতে তুলে দেয়া হয়।

নিজের হারিয়ে যাওয়া স্মার্টফোন ফিরে পেয়ে আসমা বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিআইডি জানিয়েছে, দেশের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাইবার পুলিশ সেন্টার নিয়মিত কাজ করে যাচ্ছে।

সাইবার অপরাধের শিকার হলে বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সহায়তার প্রয়োজন হলে দ্রুত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাথে যোগাযোগ করার আহবান জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে সহায়তা পেতে সিপিসির অফিসিয়াল ফেসবুক পেজ এবং হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। ফেসবুক: https://www.facebook.com/cpccidbdpolice, হেল্পলাইন: +8801320010146, +8801320010147, +8801320010148।