শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে দক্ষ হয়ে গড়ে উঠুক। এজন্য আমরা চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি বিষয় অন্তর্ভুক্ত করছি। এছাড়াও ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষা বিষয়গুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
শুক্রবার (২৪ জুলাই) কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য তাদেরকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কচুয়াকে আমরা শিক্ষাক্ষেত্রে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আজকের আলোচনায় যে সকল সমস্যা উঠে এসেছে, তার অনেকগুলোই সারা বাংলাদেশেরও সমস্যা। তাই, আজকের এ আয়োজন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আহসান পারভেজ, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, কচুয়া উপজেলা বিএনপি সভাপতি মো: খায়রুল আবেদীন মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাসস


