বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা সামন্য সমস্যা দেখলেই বিদেশে পালিয়ে যায় তাদের মুখে জামায়াতে ইসলামী গুপ্ত বলা মানায় না। দেশের জনগণ জানে কারা সঙ্কটে পালিয়ে যায় আর কারা জাতির নেতৃত্ব দেয়। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি এবং যাবেন না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ‘জেন-জি’র মুখোমুখে ড. আব্দুল মান্নান’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, জেন-জি স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়ন করে। পৃথিবীর যত বড়-বড় পরিবর্তন হয়েছে তা তরুণ যুব সমাজের হাত ধরেই হয়েছে।
জুলাইয়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, জুলাইয়ে প্রতিটি দিন ছিল আমাদের জীবনের শেষ দিন। জুলাইয়ে দিনে ছিল আমাদের শাহাদাতের তামান্না, রাতে ছিল গুম হওয়ার শঙ্কা।
এ সময় তিনি উপস্থিত তরুণ প্রজন্মকে জুলাই চেতনা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। আরো উপস্থিত ছিলেন জকসু এজিএস মাসুদ রানা এবং ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও ঢাকা-৬ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানা আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ড. মান্নান তরুণদের সাথে নিয়ে তারুণ্যের মিছিলে অংশগ্রহণ করেন।



