সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহকে অবজ্ঞা করা হয়েছে দাবি করে বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একইসাথে জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেয়া এবং সরকারি নিয়োগে মেধা ও স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের এসব দাবি জানান।
তিনি বলেন, আইন মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম। বিশেষ করে মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা ও উত্তরাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে ইসলামী শরিয়াহর বিধান উপেক্ষা করে কোনো আইন প্রণয়ন করা হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। এ কারণে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞ ও আলেম-উলামাদের সাথে সরকারের বিশদ আলোচনা করা প্রয়োজন।
সরকারি নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব উল্লেখ করে ড. আহমদ আব্দুল কাদের বলেন, নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক উভয় ধাপে এমন কোনো ফাঁকফোকর রাখা যাবে না, যা দুর্নীতি, তদবির বা স্বজনপ্রীতিকে উৎসাহিত করে।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
খেলাফত মজলিসের মরহুম নায়েবে আমির মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাক রহ:-এর জীবন ও কর্ম নিয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে বিকেল ৫টায় অনুষ্ঠানটি শুরু হয়।
সভায় নায়েবে আমির অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আব্দুল জলিল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, মরহুম মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাক ইসলামী আদর্শ, দ্বীনি দাওয়াত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একনিষ্ঠ কর্মী ছিলেন। ছাত্রজীবন থেকে তিনি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যুক্ত থেকে বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেন। তার নিষ্ঠা, নৈতিকতা ও আপসহীন ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
এ সময় অনুষ্ঠানে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ, মরহুমের শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



