ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিম্যাব) কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক মো: শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়।
ডিম্যাবের সদস্য সচিব মো: হামিদুল ইসলাম ভূইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভায় সংগঠনের ২১ সদস্যের নাম প্রকাশ করাসহ আগামী তিন মাসের মধ্যে ডিম্যাবের পুর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ড্যাব, এমট্যাব ও পেশাজীবী অন্যান্য সংগঠনসহ বিএনপির সব অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার রোধে একসাথে আন্দোলন এবং সভা-সমাবেশে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম সহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এমআইএস’র সাবেক পরিচালক অধ্যাপক ডা: শাহ আলী আকবর আশরাফী প্রমুখ।



