দেশের মানুষ অনেক আশা-প্রত্যাশা নিয়ে ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করেছিল কিন্তু তারা সেই বিশ্বাসে ছুরিকাঘাত করেছে। নির্বাচনের ঠিক ৩ দিন আগে দেশের মানুষকে রীতিমত অন্ধকারে রেখে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অসম বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে। যে চুক্তিতে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে এবং বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করা হয়েছে সে চুক্তি নিশ্চয়ই দেশের মানুষ চায় না। অবিলম্বে নতুন সরকারকে এই চুক্তি বাতিলে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার (১৫ মে) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা এসব কথা বলেন।
জমিয়ত নেতারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, তাদের ধর্মীয় স্বাধীনতা হরণ এবং সেখানে সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিজেপি সরকারকে অবিলম্বে মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন।
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান,মুফতী রাশেদ ইলিয়াস,মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমী,মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা কামাল উদ্দিন দায়েমী ও মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।
জমিয়ত নেতারা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের স্বার্থ, অর্থনৈতিক স্বাধীনতা ও জনগণের অধিকার ক্ষুণ্ন হয়,এমন কোনো চুক্তি জাতি মেনে নেবে না। তারা দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে সতর্কতার সাথে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে আকরাম টাওয়ারে গিয়ে শেষ হয়।



