বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান দীর্ঘ ২০ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে দ্রুত ও নিরাপদে উদ্ধারের দাবি জানিয়েছে ছাত্রশিবির।
শুক্রবার (১২ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, বৃহস্পতিবার (১১ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষে বের হওয়ার পর থেকে জিসান আহমেদ প্রধান নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হলেও কোনো অগ্রগতি না হওয়ায় শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা পুনরায় থানায় যান। দীর্ঘ অপেক্ষার পর সকাল ৯টায় তারা পুলিশের সাথে সাক্ষাৎ করতে সক্ষম হন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, জিসানের সন্ধান ও উদ্ধারে প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেয়ার প্রত্যাশা থাকলেও পুলিশের আচরণে তারা হতাশ ও উদ্বিগ্ন।
বিবৃতিতে আরো বলা হয়, একটি চক্র জিসানকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে। অপহরণকারীরা যে ফোন নম্বর ব্যবহার করছে, সেটি এখনও সক্রিয় রয়েছে এবং ওই নম্বরসহ বিভিন্ন তথ্য প্রশাসনকে সরবরাহ করা হয়েছে। এরপরও কার্যকর ব্যবস্থা না নেয়ায় প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে দাবি করে সংগঠনটি।
ছাত্রশিবিরের নেতারা জানান, সংগঠনের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তর, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাবের সাথে যোগাযোগ করে দ্রুত উদ্ধার তৎপরতার দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বর্তমান পরিস্থিতিতে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। আমরা অবিলম্বে জিসান আহমেদ প্রধানকে অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
বিবৃতিটি পাঠান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।



