বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দু’টি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গুলশান চেয়ারপারসন অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন।
আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা বাসস।
এদিকে, আজ শুক্রবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি। দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। এছাড়া একই সাথে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হবে।
বেগম খালেদা জিয়ার সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে বলে ডা: এজেডএম জাহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৃহস্পতিবার জানান, চেয়ারপারসনের চিকিৎসা বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে চলছে। দেশী ও বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা পরিচালিত হচ্ছে।



