হাসিনা অধ্যায় শেষ, আ’লীগ কখনো ফিরবে না : হাসনাত

আগে বিচার ও সংস্কার শেষ হোক, তারপর নির্বাচন হবে। নির্বাচিত সরকার বিচার ও সংস্কার করবে কি করবে না, এই অনিশ্চয়তার মধ্যে আমরা থাকতে চাই না।

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ
বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ |ইউএনবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘মধ্য এশিয়ার টেরোরিস্ট হচ্ছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদি। আরেক টেরোরিস্ট হাসিনাকে প্রশয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হাসিনা নিজে টেরোরিস্ট এবং ছাত্রলীগও টেরোরিস্ট।’

তিনি বলেন, বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা। দেশকে নিয়ে দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতে বসে হাসিনা জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মরা ভারত ও লন্ডনে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশে হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক।

বুধবার রাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে এনসিপি পদযাত্রা শেষে এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, নাসির উদ্দীন পাটোয়ারি, ডা. তাসনীম জারা, সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, শহীদ রাকিবের মা হাফিজা খাতুন ও শহীদ সাব্বিরের বাবা আমোদ আলী বক্তব্য দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আমাদের যুদ্ধ বাংলাদেশ বির্নিমাণের যুদ্ধ। আগে বিচার ও সংস্কার শেষ হোক, তারপর নির্বাচন হবে। নির্বাচিত সরকার বিচার ও সংস্কার করবে কি করবে না, এই অনিশ্চয়তার মধ্যে আমরা থাকতে চাই না। আমরা হাসিনার বিচার ও সংস্কার নিশ্চিত হয়েই নির্বাচনে যেতে চাই। তাই গণতন্ত্র উত্তরণের পথে যাতে কেউ বাধা হয়ে না দাঁড়ায়, সে দিকে সজাগ থাকতে হবে।

সূত্র : ইউএনবি