রাশেদ প্রধান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারকে গণআন্দোলনের মুখোমুখি হতে হবে

এ সময় যোগদানকৃতদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মজলুম সংগঠন জাগপায় যোগদানের মাধ্যমে প্রমাণ হয়েছে, আপনারা ক্ষমতার ভাগাভাগি নয়; বরং মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চান।

অনলাইন প্রতিবেদক
প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাশেদ প্রধান
প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাশেদ প্রধান |ছবি : নয়া দিগন্ত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে গণভোটের রায় বাস্তবায়নের সংগ্রামে নামব। বর্তমান বিএনপিকে দেখলে মনে হয় তারা ভারতের নির্দেশে, আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কার্যক্রম সমাপ্ত করতে চায়। কথাবার্তা পরিষ্কার, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ক্ষমতাসীন সরকারকে গণআন্দোলনের মুখোমুখি হতে হবে।

শুক্রবার (৮ মে) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের জাগপায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় যোগদানকৃতদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মজলুম সংগঠন জাগপায় যোগদানের মাধ্যমে প্রমাণ হয়েছে, আপনারা ক্ষমতার ভাগাভাগি নয়; বরং মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চান।

অনুষ্ঠানে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় সদস্য লায়ন উমার রাযী, ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফ উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো: সামছুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাঈম আল ইসলাম ও সামিরুল ইসলাম রাকিব, ন্যাশনাল পিপলস পার্টি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাহমুদ আল শামস ও ওসমান গণি, কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো: কাউছার আলম, জাগো তারুণ্যের সভাপতি ইমরান হাসান রাহুল, বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান ও নাদিম আহমেদ, সাবেক ছাত্রনেতা ও ব্যাংক কর্মকর্তা সামস মিলন, ছাত্রনেতা আল আমিন সজিবসহ শতাধিক নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাগপায় যোগদান করেন।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মো: মুজিবুর রহমান প্রমুখ।