শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় তার মৃত্যু হয়। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
নুরুজ্জামান বাদল বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।
ফেসবুক পোস্টে নুরুজ্জামান বাদলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়।
বুধবার সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তিনি লিখেছেন, চিরদিনের জন্য চলে গেলেন আমাদের প্রিয় ভাই, নুরুজ্জামান বাদল। শেরপুর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জামায়াত মনোনীত প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো: নুরুজ্জামান বাদল ভাইয়ের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি গতকাল আনুমানিক রাত ৩ ঘটিকায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জামায়াত আমির আরো লেখেন, ইসলামী আন্দোলনের প্রতি তার অঙ্গীকার ছিল অটুট। অল্প কিছুদিন আগেই নিজের চোখের সামনে রেজাউল করিমকে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে দেখার মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েও তিনি মনোবল হারাননি। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে গিয়েছেন- যা তার দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।
তিনি বলেন, আমরা আল্লাহ তায়ালার কাছে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করার দোয়া করছি। শোকসন্তোপ্ত পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।



