বিএনপির ৩১ দফা বাস্তবায়ন দেশের উন্নয়নে গতিশীলতা আনবে : দুদু

জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা নেই। জাতীয় নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে বিএনপি প্রত্যাশা করে।

নয়া দিগন্ত অনলাইন
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু |বাসস

জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে গতিশীলতা আনবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ শনিবার চুয়াডাঙ্গা শহরের হাসান চত্বর এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা নেই। জাতীয় নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে বিএনপি প্রত্যাশা করে।

জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে দুদু বলেন, সবার গণতান্ত্রিক অধিকার আছে। সবার ভিন্নমত পোষণের সুযোগ রয়েছে। যেসব দল অনুষ্ঠানে যায়নি, তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। কারণ প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, যেসব দল স্বাক্ষর করেনি, তাদের জন্য ভবিষ্যতে সুযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নিজ বাসভবন থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি। এরপর বড় বাজার, হাসান চত্বর ও কাচা বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম ও স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এম এ তালহা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, মকলেছুর রহমান মকলেস প্রমুখ।

সূত্র : বাসস