বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব বলেছেন, ‘নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’
আজ বৃহস্পতিবার ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনের ভোটকেন্দ্র পরিচালকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে, কিন্তু নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান এবং সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’
কর্মশালায় উপস্থিত জামায়াতের ভোটকেন্দ্র পরিচালকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে বিজয়। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি ভোটারের দোরগোড়ায় পৌঁছাতে হবে। নির্বাচনী ফলাফল যেন কেউ প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করতে পোলিং অ্যাজেন্টদের গোলরক্ষকের ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘দেশপ্রেমিক মানুষ ন্যায়ের ও সত্যের পক্ষে রায় দিতে মুখিয়ে আছে- যার প্রতিফলন জাতি ডাকসু ও জাকসু নির্বাচনে দেখেছে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণ ইসলামের পক্ষে এক নিরব বিপ্লব ঘটাবে। সেই বিপ্লব ছিনিয়ে নিতে ষড়যন্ত্রকারীরা নানা চক্রান্ত করবে।’ তিনি সকলকে এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।
ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘জনগণ সুযোগ দিলে ঢাকা-৫ সংসদীয় এলাকাকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত শান্তির নীড় হিসেবে গড়ে তোলা হবে। জামায়াতে ইসলামী সন্ত্রাস ও দুর্নীতি দমনে বদ্ধপরিকর।’
ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলীর পরিচালনায় কর্মশালায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডেমরা পূর্ব থানা আমির মোজাফফর হোসেন, ডেমরা দক্ষিণ থানা আমির মির্জা হেলাল, যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খান, যাত্রাবাড়ী পশ্চিম থানা আমির মাওলানা জাকির হোসেন, যাত্রাবাড়ী থানা আমির মাওলানা সাদেক বিল্লাহ, যাত্রাবাড়ী উত্তর থানা আমির আবুল হোসেন এবং যাত্রাবাড়ী মধ্য থানা আমির অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।



