নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

নীতি ও আদর্শ ঠিক রেখে আমরা ইসলামী দলগুলোর জোট কামনা করি।

নিজস্ব প্রতিবেদক
নয়া দিগন্ত

আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

রোববার বিকেলে দলের ঢাকা বিভাগের ৪৭ আসনে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ দাবি জানান।

রাজধানীর পল্টনস্থ জমিয়তে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নীতি ও আদর্শ ঠিক রেখে আমরা ইসলামী দলগুলোর জোট কামনা করি। এজন্য প্রার্থীদের নিজেদের আসনে নাম ঘোষণা করলেও প্রয়োজনে তাদের ছাড় দেয়ার মানসিকতা রাখতে হবে। দলীয় প্রার্থীরা খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা আফজাল হোসাইন রাহমানী, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমী ও মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।