অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, আইনের আওতায় এনে শাস্তির দাবি রিজভীর

কোনো মাদকসেবী বা অপরাধী সিন্ডিকেট যতই ক্ষমতাশালী হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

অনলাইন প্রতিবেদক
ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুদায়িত্বের কথা উল্লেখ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ শান্তিতে খেয়ে-পরে বাঁচতে চায়। কোনো মাদকসেবী বা অপরাধী সিন্ডিকেট যতই ক্ষমতাশালী হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি রংপুরে জেলা স্কুলের শিক্ষকের পরিবারে নৃশংস ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে দ্রুততার সাথে অপরাধীকে গ্রেফতার করেছে, তার প্রশংসার পাশাপাশি দেশের সব অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা চিহ্নিত করে তা উপড়ে ফেলার দাবি জানান তিনি।

আজ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সা:-এর দেখানো শান্তির পথ অনুসরণ করে দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান রিজভী।

রিজভী বলেন, আজ থেকে ১৫০০ বছর আগে ধরাধামে আবির্ভূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.-এর জন্ম ও ওফাত দিবস গোটা মুসলিম জাহানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ। আমাদের জাতীয় ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর প্রদর্শিত নীতি ও উজ্জ্বল আদর্শ অনুসরণ করলে কোনো মানুষ অন্যায় বা অনৈতিক কাজের সাথে যুক্ত হতে পারে না।

তিনি বলেন, দেশের ছাত্র-জনতার উত্তাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৭ বছরের স্বৈরাচার ও ফ্যাসিবাদের অবসান ঘটেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর গঠিত বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যগণ তৃণমূলের নেতাকর্মী, গণমাধ্যম এবং পার্লামেন্টে ধারাবাহিকভাবে জবাবদিহি করছেন, যা প্রকারান্তরে দেশের সাধারণ মানুষের কাছেই জবাবদিহিতা।

মহানবী সা.-এর শান্তিময় পৃথিবীর বাণী ধারণ করে দেশে পূর্ণাঙ্গ আইনের শাসন প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের পালনের অঙ্গীকার ব্যক্ত করেন রিজভী।

অনুষ্ঠানে ইসলামিক পণ্ডিত ও স্কলারগণসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।