মিয়া গোলাম পরওয়ার

সবদিকে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে

সবদিক থেকে ব্যর্থ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর সাইবার আক্রমণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার |সংগৃহীত

সবদিক থেকে ব্যর্থ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর সাইবার আক্রমণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াতের নির্বাচনী জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একবার জামায়াতকে পরীক্ষা করুন, জমায়াত বিজয়ী হলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ পাবে দেশের মানুষ।’

তিনি উল্লেখ, জামায়াত ক্ষমতায় গেলে তাদের কোনো সংসদ সদস্য স্বল্প মূল্যে প্লট-বাড়ি ও ট্যাক্স মুক্ত গাড়িসহ কোনো সুবিধা নেবে না। রাষ্ট্রের সব সেবা খাত দুর্নীতি মুক্ত করা হবে। ভূমি অফিস-থানা কোথাও গিয়ে টাকা দিয়ে সেবা নিতে হবে না।

শিক্ষাব্যবস্থা নীতি-নৈতিকতার সমন্বয়ে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি নির্ভর করা হবে বলেও ঘোষণা দেন জমায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, ‘স্বাধীনতার পর গত ৫৪ বছর যারা এই দেশ শাসন করেছে, তাদের এখন লালকার্ড দেখাতে হবে। তারা নৈতিকতা, দেশপ্রেম, সততায় আর মানবিকতায় ব্যর্থতা দেখিয়েছে। সেই শাসকদের নিয়ে আর দেশ পরিচালনা চলবে না।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের জন্য প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা দেয়ার দাবি জানিয়েছিলাম। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার সিসি ক্যামেরার অর্থ বরাদ্দ করেছেন। বডি ক্যামেরা থাকবে। আপনারা মনে রাখবেন, মাস্তান পার্টিরা কেউ কিছু করতে গেলেই ধরা খেয়ে যাবে। এই নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি মোতায়েন থাকবে।’

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মো: হাফিজুর রহমান এবং পাঁচটি সংসদীয় আসনের ১১ জোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।