সেলিম উদ্দিন

ফ্যাসিবাদী হয়ে ওঠতেই আওয়ামী বয়ান নিয়ে হাজির হয়েছে সরকার

‘সরকার নতুন করে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী হয়ে ওঠার হীন মানসিকতা থেকেই আবারো আওয়ামী বয়ান নিয়ে হাজির হয়ে দেশ ও জাতিকে সঙ্ঘাতের মুখে ঠেলে দিচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
রাজধানীর নাখালপাড়ার হাজী মরণআলী কামিল মাদরাসা মিলনায়তনে সেলিম উদ্দিন
রাজধানীর নাখালপাড়ার হাজী মরণআলী কামিল মাদরাসা মিলনায়তনে সেলিম উদ্দিন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকার নতুন করে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী হয়ে ওঠার হীন মানসিকতা থেকেই আবারো আওয়ামী বয়ান নিয়ে হাজির হয়ে দেশ ও জাতিকে সঙ্ঘাতের মুখে ঠেলে দিচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর নাখালপাড়ার হাজী মরণআলী কামিল মাদরাসা মিলনায়তনে তেজগাঁও উত্তর থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জাতীয় সংসদে সরকার দলীয় কিছু সদস্য উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন। তাদের বক্তব্য শুনলে মনে হয় দেশে বিরোধী দলই এখন প্রধান সমস্যা। তাই সরকারের কোনো কোনো মন্ত্রী ও কতিপয় সরকার দলীয় সদস্য বিরোধী দল নির্মূলের ঘোষণা দিয়ে গণভোটের রায় ও জুলাই সনদকে পাশ কাটানোর অপতৎপরতা শুরু করেছেন। কিন্তু তাদের সে স্বপ্নবিলাস বীর জনতা কখনোই সফল হতে দেবে না।

তিনি বলেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা ও দ্বীনের পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত ইউনিট দায়িত্বশীলসহ ইসলামী আন্দোলনের সব জনশক্তিকে ময়দানে ঐক্যবদ্ধ ও আপসহীন থাকতে হবে। ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানো ছিল না, এখনো নয়। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনে হক্বের দাওয়াত নিয়ে হাজির হয়েছেন, তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। তাদের নামে অনেক অপবাদ এবং চরিত্র হনন করা হয়েছে। এমনকি নবি-রাসুলগণও এ নির্মমতা থেকে রেহাই পাননি। এদের কাউকে কাউকে বিরুদ্ধবাদী কুফরি শক্তি হত্যাও করেছে।

তিনি আরো বলেন, ইসলামের দাওয়াত দেয়ার জন্য বিশ্বনবি সা:-এর ওপর নেমে এসেছিল অবর্ণনীয় জুলুম-নির্যাতন। এজন্য তাকে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। তাই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার ও জুলুম-নির্যাতনে হতোদ্যম ও বিভ্রান্ত হলেও চলবে না বরং সব বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দ্বীন বিজয়ের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় জনগণ ঘরে বসে তামাশা দেখবে না।

এর আগে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা সাবেক আমির হাফেজ মিজানুর রহমানের।

তেজগাঁও উত্তর থানা আমির ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ্প্রার্থী হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি রাসিফুল হক নাসিফের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইন।

সমাবেশে থানা কর্মপরিষদ সদস্য এনামুল হক, ইঞ্জিনিয়ার মহসিন খান, মোফাজ্জল হোসেন রকি, ইউনুস শেখ ও সোলাইমান হোসেন, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, কামরুল হুদা শামীম, মাস্টার নজরুল ইসলাম, নোমান উদ্দিন, আমিনুল ইসলাম, মাওলানা নূর উদ্দিন, ফারুক হোসেন ও ওমর ফারুক রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।