মির্জা ফখরুল

‘জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক

আমরা বেশির ভাগ রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছি। এটি রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরো স্বচ্ছ করার একটি ইতিবাচক উদ্যোগ।

অনলাইন প্রতিবেদক
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

‘জুলাই সনদে’ এনসিপির স্বাক্ষর না করাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এটা মোটেই ভালো লক্ষণ নয়। আমাদের চিন্তা হতে হবে মৌলিক, কাজ হতে হবে শ্রমিকের অধিকার রক্ষার জন্য।’

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বেশির ভাগ রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছি। এটি রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরো স্বচ্ছ করার একটি ইতিবাচক উদ্যোগ।’

পুলিশ ও ছাত্রদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এই ঘটনা কোনোভাবেই ভালো বার্তা দেয় না। আওয়ামী লীগ গত ১৫ বছরে যে জঞ্জাল তৈরি করেছে, তা এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়।’

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশে সংসদের ভূমিকার ওপর জোর দিয়ে ফখরুল বলেন, ‘সবকিছু সংসদকে কেন্দ্র করে করতে হবে, না হলে গণতন্ত্র কার্যকর হবে না।’

আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনই নির্ধারণ করবে, আমরা সত্যিকারের উদারপন্থি গণতন্ত্রের পথে যেতে পারব কি না। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল ভিত্তি- এটা মাথায় রেখে আমাদের এগোতে হবে।’

সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ সইয়ের মতোই, আসুন আমরা সবাই মিলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই।’

এনসিপির সনদে স্বাক্ষর না করার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বলেই আমি মনে করি। আমার বিশ্বাস, তারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং শেষ পর্যন্ত স্বাক্ষর করবেন।’