জাতীয় ঐক্য সমুন্নত রাখার লক্ষ্যে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন ‘থিংক ব্যাক টু ৩৬ জুলাই’ ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো- ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোকে স্মরণ করে ঐক্যের বার্তা পৌঁছে দেয়া। এ উপলক্ষে ছাত্রশিবির সকল শ্রেণি-পেশার মানুষকে জুলাইয়ের স্মৃতিচারণামূলক লেখনি, বক্তব্য, ছবি, ভিডিও এবং অন্যান্য কনটেন্ট সামাজিক মাধ্যমে প্রচার করে ক্যাস্পেইনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে।
এতে আরো বলা হয়, ইতোমধ্যে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে করণীয় নির্ধারণে আলোচনা চলমান রয়েছে।
ছাত্রশিবির মনে করে, জুলাইয়ের স্মৃতি রোমন্থন পুনরায় জাতিকে আসন্ন সঙ্কট নিরসনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে অনুপ্রেরণা যোগাবে।



