নাহিদ ইসলাম

ফ্যাসিবাদের কারণে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে

আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বার বার ভেঙে পড়েছে। তাই আমাদের একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে হবে। একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে। এ জন্য একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় নাগরিক পার্টি
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় নাগরিক পার্টি |ইন্টারনেট

মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ প্রাঙ্গনে তারা এক মিনিট নীরবতা পালন করেন। পরে দলের নেতারা গণমাধ্যমের সাথে কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ২০২৪’র গণঅভ্যুত্থানসহ সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করব। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।’

তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বার বার ভেঙে পড়েছে। তাই আমাদের একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে হবে। একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে। এ জন্য একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।

নাহিদ বলেন, তরুণরাই রাষ্ট্র গঠন করবে এবং জাতীয় নাগরিক পার্টির সাংগাঠনিক কার্যক্রম বিস্তার করা হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিচার দ্রুত করতে হবে এবং ফ্যাসিবাদকে বিদায় জানাতে হবে। এ সকল কাজের জন্য সকল মহলকে সচেতন থাকতে হবে।

গণমাধ্যমের সাথে কথা বলা শেষে তারা রাজধানীর রায়ের বাজারে ২৪’র গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে সাভার জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তারা। এসময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি