জুলাই গণঅভ্যুত্থানে বিজয় অর্জনের জন্য সহযোগিতা করায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের সমস্ত মানুষ, রাজনৈতিক দলগুলো, ছাত্রদের এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি।
মির্জা ফখরুল সবার পক্ষ থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আমাদের নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন।
আজ বুধবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালির উদ্বোধনী বক্তৃতায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরে, তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা কারাভোগ করেছি, নির্যাতিত-নিপীড়িত হয়েছি। কিন্তু কখনো মাথা নত করিনি। আমরা লড়াই করেছি, সামনের দিকে গিয়েছি।
বিএনপি মহাসচিব বলেন, আমি আমাদের নেতা তারেক রহমানকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন।
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।



