পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ : আহমদ আবদুল কাইয়ূম

‘এখন পশ্চিমবঙ্গের মসজিদগুলোতে নামাজ পড়তে দেয়া হচ্ছে না। মসজিদের মতো পবিত্র স্থানকে রণাঙ্গনে রূপ দিয়েছে বিজেপির রাজ্য সরকার।’

নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মাসিক সভায় নেতারা
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মাসিক সভায় নেতারা |সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম। সারাবিশ্বে মুসলিমরা শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় বিধিবিধান পালন করে আসছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা নিজের পিতৃভূমিতে থেকেও আজ নিরাপদ নয়। একথা এখন দিনের আলোর মতো পরিষ্কার যে, পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ।’

শুক্রবার (১৫ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় তিনি এসব মন্তব্য করেন।

আহমদ আবদুল কাইয়ূম আরো বলেন, ‘নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় আসার পর থেকেই নাগরিকত্ব বাতিলসহ মুসলিমদের ধ্বংস করতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে। মনে হয় তাদের একমাত্র অ্যাজেন্ডা মুসলমানদের ধ্বংস করা। এখন পশ্চিমবঙ্গের মসজিদগুলোতে নামাজ পড়তে দেয়া হচ্ছে না। মসজিদের মতো পবিত্র স্থানকে রণাঙ্গনে রূপ দিয়েছে বিজেপির রাজ্য সরকার।’

তিনি আরো বলেন, ‘মানবতাবিরোধী এসব কর্মকাণ্ড বন্ধে জাতিসঙ্ঘের কার্যকরী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মুসলিমবিশ্বের নেতৃবৃন্দকে এসব ঘৃণিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ওআইসির সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করার বাস্তবিক উদ্যোগ নিতে হবে।’

নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, এম এইচ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, দফতর সম্পাদক ফজলুল হক মৃধা, গোলামুর রহমান আজম, মাওলানা কামাল হোসেন, মুফতি আবদুল আহাদ, আবদুর রহমান, আল-আমীন আল ইহসান, শেখ আবু তাহের, প্রকৌশলী গোলাম মোস্তফা প্রমুখ।