জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (১৬ মে) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কারিনার অকাল মৃত্যু আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় কারিনার সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তার দৃঢ় অবস্থান ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন সংস্কৃতিকর্মীই ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী সাহসী কণ্ঠস্বর ছিলেন। কঠিন ও দমনমূলক সময়েও তিনি গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে সাংস্কৃতিক প্রতিরোধকে আন্দোলনের শক্তিশালী অংশে পরিণত করেছিলেন।
আসিফ মাহমুদ আরো লেখেন, তার সাহস, প্রতিশ্রুতি এবং সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একইসাথে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসীব করার দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় মারা গেছেন কারিনা কায়সার। শনিবার (১৬ মে) তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



