জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী নির্বাচন হবে।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের যেসব কর্মচারী ভোট ডাকাতির সাথে জড়িত ছিল, আমরা তাদের পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু এ পর্যন্ত হয়নি। এখন আমাদের যে জুলাই সনদ হবে, সেখানে এই নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া এসেছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্য দিয়েই আগামী নির্বাচন হবে।’
আজ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ন সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। আর এখন যদি কেউ ভোট দিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে।
যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আজ সিইসি জানিয়েছেন শিগগিরই প্রবাসীদের ভোটাধিকার প্রদানের কার্যক্রম শুরু করবেন। এই বিষয়ে প্রতি ১৫ দিন পর পর উনারা অনলাইন ব্রিফিং করবেন। প্রবাসী ভাই-বোনেরা জানতে পারবেন তারা কোথায় কিভাবে ভোট দিতে পারবেন।’
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, ইসির পর্যবেক্ষণের আলোকে আজ আমরা নতুন কিছু ডকুমেন্ট জমা দিয়েছি। আমরা আশা করছি, ইসি আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া আছে তারপরের ধাপে অগ্রসর হবে।
সূত্র : বাসস



