জুলাই আন্দোলনকে সফল ও গণঅভ্যুত্থানে রূপ দিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার রাজধানীর বসুন্ধরা মিনি স্টেডিয়ামে ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘৩৬ জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, দেশে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের চেতনা ও সংবিধান সংস্কারের অঙ্গীকারকে অবমূল্যায়ন করা হয়েছে এবং গত কয়েক মাসে সুশাসন প্রতিষ্ঠায় প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি আরো বলেন, তরুণদের একটি অংশ অসৎ রাজনীতি ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। তাদের এসব অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মেধা, নেতৃত্ব ও দেশপ্রেম গড়ে তুলতে খেলাধুলা, নৈতিক শিক্ষা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হবে না। অতীতে ছাত্রশিবিরকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হলেও সংগঠনটি জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে। তিনি জুলাই আন্দোলনের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।



