জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গতকাল রাতে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। সকালবেলা ভোটারের পরিমাণ কম হলেও খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সবজায়গায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, গত দু’টি নির্বাচনে আমি ভোটার ছিলাম কিন্তু ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। এটি আমার মতো চার কোটি তরুণ ভোটারের নতুন অভিজ্ঞতা। সারাদেশের মানুষ যে উল্লাসের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছেন সেটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
তিনি বলেন, কোনো নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সকলেই যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি যেতে পারে সেই নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
সূত্র : বাসস



