পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হলো আরজেপি টেক অলিম্পিয়া প্রতিযোগিতা

প্রযুক্তি অলিম্পিয়াডের মধ্য দিয়ে শিক্ষার্থীরা গতানুগতিক ধারার বাইরে মস্তিষ্কনির্ভর চিন্তা-চেতনায় অভ্যস্ত হবে এবং দেশের প্রযুক্তিখাতে অবদান রাখবে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
নয়া দিগন্ত

রাজশাহীতে অনুষ্ঠিত হলো আরজেপি টেক অলিম্পিয়া-২০২৫ এর বাছাই প্রতিযোগিতা। শুক্রবার (১৫ আগস্ট) রাজশাহী নগরীর অগ্রণী স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রাজশাহী বিভাগের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী প্লাটফর্ম রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি)'র উদ্যোগে এবং IEEE APS RUSBC এর সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন অগ্রণী স্কুলের আইসিটি লেকচারার মো: আব্দুল হাকিম, লেকচারার মো: বেলাল হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের লেকচারার আব্দুল্লাহ তামিম, আরজেপি'র সভাপতি তারেক আবরার এবং অফিস সম্পাদক ইসফার হোসেন।

লেকচারার আব্দুল হাকিম বলেন, প্রযুক্তিভিত্তিক এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান সমৃদ্ধের পাশাপাশি চাকরির বাজারেও অনেকখানি এগিয়ে রাখবে।

আরজেপি সভাপতি তারেক আবরার বলেন, প্রযুক্তি অলিম্পিয়াডের মধ্য দিয়ে শিক্ষার্থীরা গতানুগতিক ধারার বাইরে মস্তিষ্কনির্ভর চিন্তা-চেতনায় অভ্যস্ত হবে এবং দেশের প্রযুক্তিখাতে অবদান রাখবে।

শুক্রবার অনুষ্ঠিত এই বাছাইপর্বে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে দুই শ’ শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। এরপর আগামী ২৮ আগস্ট তাদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার মূল পর্ব।

এতে টেকনিক্যাল পার্টনার হিসেবে আছে আইটিব্রিজ একাডেমি। ইভেন্ট পার্টনার হিসেবে আছে রাজশাহী জেলা প্রশাসন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ, অরবিটাল ও টেক্সল্যাব।